মোবাইল গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

১২ জানুয়ারি, ২০২১ ১৮:১০  
মোবাইল ফোন গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মো. মেহেদী হাসান ডালিম ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান মঙ্গলবার (১২ জানুয়ারি) এ রিট দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। রিট আবেদনে মোবাইল গ্রাহকদের অধিকার নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং মোবাইল ফোন গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং মূল্যায়নে প্রয়োজনীয় সুপারিশ করতে বুয়েটের দুজন অধ্যাপক ও একটি মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধির সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটক কোম্পানির প্রধান নির্বাহীকে।